টানা ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত ও ব্যাংক, ফিরল স্বাভাবিক কর্মচাঞ্চল্য নিজস্ব প্রতিবেদক

লাইফ স্টাইল, সারাদেশ, ২৫ অক্টোবর ২০২৬, 37 বার পড়া হয়েছে,
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ শেষে আজ রবিবার থেকে পুনরায় খুলেছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। একই সঙ্গে প্রাণচাঞ্চল্য ফিরেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এদিকে দীর্ঘ অবকাশকালীন ছুটি কাটিয়ে আজ থেকেই সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রমও শুরু হয়েছে।
গত ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দুর্গাপূজার নবমী ও বিজয়া দশমী উপলক্ষে নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে টানা তিন দিনের সরকারি ছুটি ছিল। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করেন চাকুরিজীবীরা।
টানা ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সকাল থেকেই রাজধানীসহ সারা দেশের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখরিত হতে দেখা গেছে। দেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, পাশাপাশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল প্রধান গেটগুলোতে। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় অনেককেই কুশল বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়।
অন্য দিকে, দীর্ঘ ৩৯ দিনের অবকাশকালীন ও সরকারি ছুটি শেষে আজ থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ফলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও আজ আইনজীবী ও বিচারপ্রার্থীদের ব্যাপক আনাগোনা দেখা গেছে। দীর্ঘ এই ছুটির পর অফিস-আদালত চালু হওয়ায় রাজধানী ঢাকার সড়কগুলোতেও সকাল থেকে চিরচেনা ব্যস্ততা ও গণপরিবহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।