পড়াশোনার কোনো বিকল্প নাই: শ্যামল এমপি

চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সারাদেশ, ২৫ এপ্রিল ২০২৬, 66 বার পড়া হয়েছে,

এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, কঠোর পরিশ্রম আর চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সফলতা আসবে। চাকরিতে চান্স পাওয়া এটা কোনও তদবিরে হয় না। প্রচেষ্টা আর মেধার বিকাশে তোমার সফলতা আসবে। তাই মেধাই হলো তোমার তদবির। প্রান্তিক পর্যায়েও পড়াশোনা করে উচ্চপদস্থতে যাওয়া সম্ভব। পড়াশোনার কোনও বিকল্প নাই, মেধার মূল্যায়ন সব জায়গায় আছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে ঢাকাস্থ বিজয়নগর উপজেলা সমিতির আয়োজিত ছাত্র বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজয়নগরে সবচেয়ে বড় সমস্যা মাদক উল্লেখ করে তিনি বলেন, তোমরা মাদক থেকে সতর্ক থাকবে এবং সবাইকে মাদক থেকে বিরত থাকতে সতর্কের বিষয়ে ভূমিকা রাখবে। যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছো সামনের সময়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তার, ডাক্তার এ কে আজাদ, ওসি এ কে ফজলুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এ বি এম মুমিনুল হক, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, হেফাজতের নেতা মাও. আফজাল হোসেন, মোজাহিদ চৌধুরী তারেক, রিপন মিয়া, মেজবাহ উদ্দিন, এ কে এম গোলাম মুহিত, মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের ২টি কলেজ ও একটি ভোকেশনাল প্রতিষ্ঠানের ১৩ জন কৃতি শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠানে ৪৬ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।