প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ

এস. এম. আকাশ আহমেদ রুবেল, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর :
জনপ্রিয়তা অর্জন করা কঠিন, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার পর সেই অবস্থান ধরে রাখা আরও অনেক বেশি কঠিন। রাজনীতির দীর্ঘ ১৫ বছরের পথ পেরিয়ে আজ এসে এই সত্যটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি।
আমার ক্ষেত্রে বিষয়টি হয়তো কিছুটা আলাদা। দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক পথচলায় ছাত্রদল, যুবদলসহ সারা দেশের অসংখ্য নেতা-কর্মীর সঙ্গে আমার সম্পর্ক কেবল রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেকটা সময়, অসংখ্য স্মৃতি, সুখ-দুঃখ, ভালোবাসা আর আবেগ—যাঁরা বছরের পর বছর আমাকে নিজেদের আপনজনের মতোই আগলে রেখেছেন।
মাঝে মাঝে ভাবি, বিরোধী দলে থাকার সেই অগ্নিঝরা ও দুর্বিষহ দিনগুলোর কথা কেন এত মনে পড়ে! এর মূল কারণ হলো, তখন আমাদের চাওয়া-পাওয়া কম ছিল, ছিল না প্রাপ্তি-অপ্রাপ্তির কোনো হিসাব। ছিল কেবল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা আর নিঃশর্ত আবেগ। কিন্তু আজ দায়িত্ব বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে মানুষের প্রত্যাশাও। বাইরে থেকে একজন দায়িত্বশীল মানুষের জীবনকে হয়তো অনেক সহজ মনে হয়, কিন্তু মানুষের দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে, তখনই বোঝা যায় প্রত্যাশার এই ভার কতটা বিশাল।
দীর্ঘ ১৭ বছরের কঠিন সময়ে আমাদের অসংখ্য নেতা-কর্মী অবর্ণনীয় ত্যাগ স্বীকার করেছেন। শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম শহীদুল্লাহ শহীদ, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট কাজী খান এবং গাজীপুর জেলা জাসাসের সদস্য সচিব মরহুম ওবায়দুর রহমান মণ্ডল সোহেল—তাঁরা আজ পরলোকগমন করেছেন। জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তাঁদের সঙ্গে আমার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। সে সময় আমাদের অনেক নেতা-কর্মী কারাবরণ করেছেন, অসংখ্য মামলা মোকাবিলা করেছেন, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থেকেছেন এবং জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু দলের জন্য উৎসর্গ করেছেন। যাঁরা এখনো দিনরাত দলের জন্য পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের কষ্ট আমি জানি; তাঁদের সংগ্রামের অনেক গল্প আমি নিজের চোখে দেখেছি।
তাই দীর্ঘদিনের এই ত্যাগ ও কষ্টের পর কারও মনে যদি কোনো প্রত্যাশা বা অভিমান তৈরি হয়, সেটাকে আমি মোটেও অস্বাভাবিক মনে করি না। মানুষ যেখানে ভালোবাসা দিয়ে দীর্ঘদিন পাশে থাকে, সেখানে তার কিছু আশা থাকাটাই স্বাভাবিক। তবে এখানে আমার নিজেরও কিছু কথা বলার আছে। দীর্ঘদিন বিরোধী দলে থাকাকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত দলের পেছনে আমার পৈতৃক প্রায় এক কোটি টাকার সম্পদ ব্যয় ও নষ্ট হয়েছে। কখনো কারও কাছ থেকে দশটি টাকাও গ্রহণ করিনি। বারবার হামলা ও মামলার শিকার হয়েছি, নিজের পারিবারিক সম্পদ হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি।
তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও দেওচালা এলাকার রাজনৈতিক বাস্তবতা অন্য যেকোনো জায়গার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও চ্যালেঞ্জিং। গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে এখানে মূলত দুটি শক্তিশালী বলয় কার্যকর ছিল—একটি 'স্বতন্ত্র লীগ' এবং অন্যটি 'নৌকা লীগ'। এই দুই বলয়ের বাইরে অন্য কোনো দলের রাজনীতি করার সুযোগ ছিল অত্যন্ত সীমিত।
এই প্রতিকূল বাস্তবতার মধ্যেও দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে আমি এস. এম. আকাশ আহমেদ রুবেল নিজেকে টিকিয়ে রেখেছিলাম। আমাদের নেতা-কর্মীরাও নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করেছেন—কেউ প্রকাশ্যে, কেউ নীরবে, কেউ নানা প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে যোগাযোগ রেখে, আবার কেউ প্রবাসে থেকেও দলকে সমর্থন দিয়ে গেছেন। হয়তো সবার সংগ্রামের গল্প আমাদের জানা নেই। দেশে বা প্রবাসে থেকে কিংবা প্রকাশ্যে সক্রিয় না থেকেও এমন অনেক মানুষ দলের দুর্দিনে নীরবে পাশে ছিলেন, যাঁরা কখনো কোনো পদ চাননি, পরিচয় দাবি করেননি কিংবা নিজের ত্যাগের কথা কোথাও প্রচার করেননি। এমনকি আমাদের দল করেন না, এমন অনেক সাধারণ মানুষও নির্বাচনে 'ধানের শীষের' পক্ষে অসাধারণ ভূমিকা রেখেছেন। এই সবাইকে নিয়েই আমাদের আগামীর পথচলা। কাউকে ছোট করা, কাউকে বড় করে দেখা বা কাউকে অসম্মান করা কখনোই আমাদের কাম্য নয়।
তাই আজ কে কতটা ত্যাগী, কার রাজনৈতিক অতীত কী, কিংবা কে কোন সময়ে কোথায় ছিলেন—এসবের খেরোখাতা নিয়ে বসে একে অপরকে যাচাই করতে গেলে হয়তো আমাদের অনেক আপনজনকেই অজান্তে কষ্ট দিয়ে ফেলব। কারণ, রাজনীতির ত্যাগ সবসময় মিছিলের ছবিতে বা মামলার কাগজে সীমাবদ্ধ থাকে না। কখনো কখনো একজন মানুষ কোনো প্রত্যাশা ছাড়াই নীরবে পাশে থাকেন—তাঁর সেই নীরব ভালোবাসারও অনেক বড় মূল্য আছে।
আমার ১৫ বছরের রাজনৈতিক জীবনে অনেক মানুষকে দেখেছি। কেউ সামনে থেকে লড়েছেন, কেউ আড়াল থেকে সাহস জুগিয়েছেন, আবার কেউ নিজ সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। কারও ত্যাগ হয়তো দৃশ্যমানভাবে বড়, কারওটা ছোট মনে হতে পারে; কিন্তু ভালোবাসার মূল্য মাপার কোনো মাপকাঠি নেই।
দলীয় নির্দেশনা মেনে আমি সবসময় সিনিয়র ও সহযোদ্ধা নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। বিশেষ করে সাবেক সফল ছাত্রনেতা ও জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা ভাইয়ের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এছাড়া গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন (এমপি), উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল মনসুর মণ্ডল, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আখতারুল আলম (আক্তার মাস্টার), জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি সাইফুল হক মোল্লা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান সরকার, আহ্বায়ক সদস্য রিপন ফকির, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশী এবং গাজীপুর জেলা নবগঠিত যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদারসহ আরও অনেক নেতৃবৃন্দের সঙ্গে সময়-অসময়ে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নিজেকে যুক্ত রেখেছি।
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দলের নানা বিষয় নিয়ে কথা বলি, প্রশ্ন তুলি, সমালোচনা করি—এটা স্বাভাবিক। কিন্তু নিজেদের রাজনৈতিক অতীত নিয়ে একে অপরকে যাচাই করতে গিয়ে যদি এমন কোনো মন্তব্য করে ফেলি, যা শেষ পর্যন্ত দল বা সরকারকে বিব্রত করে, তবে আমাদের উদ্দেশ্য যতই সৎ হোক না কেন, তার ফলাফল ভালো হয় না। আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই একই পরিবারের সদস্য। ভুল হলে অবশ্যই কথা বলতে হবে, প্রয়োজনে সংশোধনের পরামর্শও দিতে হবে। তবে সেই কথার মধ্যে যেন সৌন্দর্য ও শালীনতা বজায় থাকে—ঠিক যেমনটি নিজের ঘরের মানুষকে বলা হয়। বাইরের মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটা তাদের বিষয় এবং তাদের নিজস্ব রাজনীতি। কিন্তু আমরা নিজেদের মধ্যে কীভাবে কথা বলছি, সেটাই আমাদের প্রকৃত পরিচয় বহন করবে।
একটি সরকারকে গুছিয়ে কাজ করার জন্যও কিছুটা সময় ও সুযোগ দেওয়া প্রয়োজন। প্রত্যাশা থাকবে, প্রশ্ন থাকবে, ভুল হলে গঠনমূলক আলোচনা হবে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সবকিছুর চূড়ান্ত হিসাব মেলাতে গেলে বাস্তবতার অনেক গুরুত্বপূর্ণ দিক আমাদের চোখ এড়িয়ে যেতে পারে। আমি সবার কথা বলছি না; আমাদের দলে অসংখ্য আদর্শিক নেতা-কর্মী আছেন, যাঁদের ত্যাগ ও কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তাঁদের প্রতি আমার শ্রদ্ধা সবসময় অটুট থাকবে।
আসলে দলকে ভালোবাসার কোনো একক সংজ্ঞা নেই। কেউ মিছিলে থেকে ভালোবাসেন, কেউ কারাবরণ করে ভালোবাসেন, কেউ নীরবে পাশে দাঁড়িয়ে ভালোবাসেন, আবার কেউ হাজার মাইল দূরে থেকেও হৃদয়ের গহীনে দলকে ধারণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি চিরন্তন সত্য শিখেছি—ব্যক্তির চেয়ে দল বড়। আজ আমি আছি, কাল হয়তো অন্য কেউ থাকবে; কিন্তু দল টিকে থাকবে, টিকে থাকবে মানুষের ভালোবাসা ও আমাদের আদর্শ। তাই মতের ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে আমাদের ঐক্যের জায়গাটা যেন অটুট থাকে।
বর্তমান সময়টা মোটেও সহজ নয়। দেশের ভেতরের ও বাইরের নানা ষড়যন্ত্র, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপসহ বহুমুখী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই ক্রান্তিকালে নিজেদের মধ্যে আরও বেশি ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সম্মান ও ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন। জীবনের এই দীর্ঘ পথচলায় অনেক মুখ দেখেছি, অনেক আপনজন হারিয়েছি, আবার অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসাও পেয়েছি। রাজনীতি আমাকে যেমন অনেক কিছু দিয়েছে, তেমনি অনেক কিছু কেড়েও নিয়েছে। তবে সবকিছুর শেষে এসে এটাই বুঝেছি—পদ-পদবি, ক্ষমতা কিংবা জাগতিক প্রাপ্তির চেয়েও সাধারণ মানুষের হৃদয়ে একটু জায়গা করে নিতে পারাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন।
পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমান এবং গাজীপুর-৩ আসনের মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়সহ দেশবাসী ও দলের সকল স্তরের নেতা-কর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
এস. এম. আকাশ আহমেদ রুবেল (এম.এ)
সভাপতি, ব্যবস্থাপনা কমিটি
টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর, গাজীপুর।